২৭ জুন : বিপ্লবী যুব সংগঠন এআইডিওয়াইও (AIDYO)-র গৌরবোজ্জ্বল সংগ্রামের ৬০ বছর পূর্তি উপলক্ষে সারা বছরব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কলেজ স্কোয়ার থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত এক বিশাল পদযাত্রা এবং পরবর্তীতে সর্বভারতীয় যুব সমাবেশের আয়োজন করা হয়।
পদযাত্রায় আসাম-সহ দেশের ২০টি রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির সূচনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কর্ণাটকের বাগেবাড়ি, মধ্যপ্রদেশের প্রমোদ নামদেব এবং পশ্চিমবঙ্গের অঞ্জন মুখার্জি। সভায় সভাপতিত্ব করেন এআইডিওয়াইও-র অফিস সেক্রেটারি বিজয় মল্লিক। রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে অনুষ্ঠিত সর্বভারতীয় যুব সমাবেশে বক্তব্য রাখেন এসইউসিআই (কমিউনিস্ট)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য অরুণ সিং, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত গৌরী এবং এআইডিওয়াইও-র সাধারণ সম্পাদক অমরজিৎ কুমার। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর।

বক্তারা সংগঠনের ৬০ বছরের সংগ্রামী ঐতিহ্যের কথা স্মরণ করে বেকারত্ব, হকার উচ্ছেদ, বিভিন্ন রাজ্যে বিজেপি সরকারের বুলডোজার নীতি, দুর্নীতি, নারী নির্যাতন, মদ্যপান ও মাদকাসক্তি, ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
আয়োজকদের দাবি, পদযাত্রা ও যুব সমাবেশে দুই হাজারেরও বেশি তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।



