ভোলাগিরি আশ্রমে গুরু পূর্ণিমা পালন, শতাধিক ভক্তের মহাপ্রসাদ বিতরণ

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ জুলাই :
শিলচর ভোলাগিরি আশ্রমে বুধবার পালিত হলো গুরু পূর্ণিমা উৎসব, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত-শত ভক্ত উপস্থিত ছিলেন। আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজের পরিচালনায় পূজার্চনা, আরতি ও মহাপ্রসাদ বিতরণে ভক্তরা অংশগ্রহণ করেন। স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে গুরু শুধু বইয়ের বিদ্যা শিখিয়ে দেন না; তিনি শিষ্যকে শেখান কীভাবে কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখা যায় এবং বিপদে মাথা ঠান্ডা রাখা যায়।

তিনি আরও বলেন, জীবনে বড় সাফল্য এলে যেন অহঙ্কার না আসে এবং ব্যর্থ হলে কেউ ভেঙে না পড়ে — এসব মানসিক শক্তি ও সৎ সংস্কার গুরুরই দেওয়া। ভোলাগিরি মহারাজের বক্তব্যে উঠে আসে যে জাগতিক ধন-সম্পদ অস্থায়ী, কিন্তু গুরুর দেওয়া জ্ঞান ও সংস্কার সারাজীবন মানুষের সঙ্গে থেকে যায়, যা কখনও কেড়ে নেওয়া যায় না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পুরোহিত স্বপন চক্রবর্তী ও হীরক ভট্টাচার্য। এছাড়া পঙ্কজ দে, সৌমেন দত্ত চৌধুরী, সন্তোষ রায়, শঙ্কর দাস, সুশান্ত সেন, সৌরভ চন্দ, পুরুজিৎ পাল চৌধুরী সহ আরও অনেকে অংশ নেন। অনুষ্ঠানে ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং সন্ধ্যায় মহাপ্রসাদ বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *