রামকৃষ্ণনগরে ইয়াবাসহ গ্রেপ্তার পাচারকারী, বাজেয়াপ্ত বাহন

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ জুন :
মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল রামকৃষ্ণনগর থানার পুলিশ। শুক্রবার নিয়মিত তল্লাশির সময় রামকৃষ্ণনগর হাসপাতালের সামনে একটি ওয়াগনার গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈশানছড়া থেকে আনিপুরের দিকে যাওয়ার পথে সন্দেহজনক AS-10 J-0960 নম্বরের ওয়াগনার গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে ৬০টি প্যাকেটে মোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১,৫৫২ গ্রাম। প্রাথমিকভাবে বাজেয়াপ্ত মাদকের কালোবাজারি মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা বলে অনুমান করছে পুলিশ।

ঘটনাস্থল থেকেই রাতাবাড়ি এলাকার মূলিয়ালা গ্রামের বাসিন্দা সারিমুল হক (৩২)-কে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন রামকৃষ্ণনগর কো এসপি অংশুল শর্মা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিয়ব্রত শর্মা। অভিযানে আইবি শাখার কর্মী রিপন পাল-সহ পুলিশের একটি বিশেষ দল অংশগ্রহণ করে।

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবা কোথা থেকে আনা হচ্ছিল, কার কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে একাধিক সূত্রে তথ্য সংগ্রহ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *