বরাক তরঙ্গ, ২৬ জুন : সাংস্কৃতিক সংগঠন নৃত্য সুরভি প্রতিষ্ঠার ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে আগামী মাসে শিলচরে তিন দিনের ভরতনাট্যম কর্মশালা এবং ‘আবর্তনম’ শীর্ষক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে চলেছে। শুক্রবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নৃত্য সুরভির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ভরতনাট্যম শিল্পী জয়া চৌহান জানান, ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত শিলচর সঙ্গীত বিদ্যালয় এবং হোটেল এলোরায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে। বিভিন্ন বয়স ও দক্ষতার অংশগ্রহণকারীদের কথা মাথায় রেখে কর্মশালাটি তিনটি বিভাগে ভাগ করা হয়েছে।
তিনি আরও জানান, কর্মশালায় ভরতনাট্যমের কৌশল, অভিব্যক্তি এবং ঐতিহ্যবাহী পরিবেশনার নানা দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ শিল্পীদের কাছ থেকে শেখার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
এছাড়া ১১ জুলাই শনিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে শিলচরের বঙ্গ ভবনে অনুষ্ঠিত হবে ‘আবর্তনম’ শীর্ষক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশনা করবেন জয়া চৌহান, লামডিংয়ের এন. কে. প্রতাপ সরকার, বিনীতা সিংহ, শমীক চন্দ, শক্তি চক্রবর্তী, পণ্ডিত সঞ্জয় প্রকাশ দাস, সন্দীপ ভট্টাচার্যসহ আরও অনেকে।
ভাস্কর দাস জানান, নতুন প্রজন্মের মধ্যে ভরতনাট্যমের প্রতি আগ্রহ সৃষ্টি এবং শাস্ত্রীয় নৃত্য ঐতিহ্যের প্রতি অনুরাগ বাড়াতেই এই উদ্যোগ। কর্মশালায় অংশ নিতে আগ্রহীরা ৯৪০১২৭৪৫৭৯ নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে পারবেন।



