বরাক তরঙ্গ, ২৬ জুন : চার দিনের বিরতির পর আজ পুনরায় খুলে দেওয়া হল কামাখ্যা মন্দিরের দ্বার। গতরাতে রাত ১২টা ২ মিনিট ১৩ সেকেন্ডে অম্বুবাচীর নিবৃত্তি ঘটে। আজ সকালে সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা।
অম্বুবাচীর নিবৃত্তির পর মা কামাখ্যার আশীর্বাদ লাভের উদ্দেশ্যে নীলাচলে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ ভক্ত। গত চার দিন ধরে দেশ-বিদেশ থেকে আগত সাধু-সন্ন্যাসী ও ভক্তরা নীলাচল পাহাড়ে অবস্থান করছিলেন। আজ মন্দিরের দরজা খুলতেই সকলেই মায়ের দর্শন ও আশীর্বাদ লাভের জন্য ভিড় করেন।
অম্বুবাচী মহাযোগের সমাপ্তির পর দেশ-বিদেশ থেকে আসা অসংখ্য ভক্ত আজ মা কামাখ্যার দর্শন ও আশীর্বাদ গ্রহণ করবেন। ভোর থেকেই মন্দিরে দর্শনার্থীদের দীর্ঘ লাইন ও ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, এ বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে কামাখ্যা ধামে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহু বিদেশি ভক্তও এবার কামাখ্যা মন্দিরে উপস্থিত হয়েছেন।
প্রতি বছর অম্বুবাচী মহাযোগ উপলক্ষে টানা চার দিন কামাখ্যা মন্দিরের মূল দ্বার বন্ধ থাকে। এই সময় সাধু-সন্ন্যাসীরা নীলাচলে তপস্যা ও সাধনায় নিমগ্ন থাকেন। চার দিন পর অম্বুবাচীর নিবৃত্তি হলে মন্দিরের দ্বার পুনরায় খুলে দেওয়া হয় এবং সাধু-সন্ন্যাসী ও সাধারণ ভক্তরা মা কামাখ্যার দর্শন ও আশীর্বাদ গ্রহণ করেন।



