শিলচর শহরের দু’টি স্পা সেন্টারে অভিযান, আটক ২৬ যুবতী

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জুন :
শহরের দু’টি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৬ জন যুবতীকে আটক করেছে কাছাড় পুলিশ। বৃহস্পতিবার রাতে শিলচর ক্লাব রোডের একটি বাণিজ্যিক ভবনে অবস্থিত ‘লাভলি স্পা’ এবং ‘লোটাস স্পা’-তে একযোগে অভিযান চালিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দুই স্পা সেন্টারে ম্যাসাজ পরিষেবার আড়ালে অসামাজিক কার্যকলাপ এবং দেহব্যবসা পরিচালিত হওয়ার অভিযোগ উঠছিল। একাধিক অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ সেখানে হানা দেয়। অভিযানের সময় স্পা সেন্টার দু’টি থেকে ২৬ জন যুবতীকে আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে তদন্তকারী দল।

অভিযানের সময় স্পা সেন্টারগুলির নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও খতিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, শিলচর শহরে স্পা সেন্টারকে ঘিরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ নতুন নয়। অতীতেও শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক স্পা সেন্টারে পুলিশ অভিযান চালিয়েছে। কয়েকটি ক্ষেত্রে বাইরের রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও তদন্তে নেমেছিল। বিশেষ করে ক্লাব রোড ও সংলগ্ন এলাকার কিছু স্পা সেন্টারকে কেন্দ্র করে পূর্বেও নানা অভিযোগ সামনে এসেছিল।

সাম্প্রতিক এই অভিযানের পর শহরে অবৈধ ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের নজরদারি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *