মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ জুন : পাথারকান্দিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে কলকলিবস্তি এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ১ হাজার ৮০ কিলোগ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পাথারকান্দি থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজ্যোতি দেওরির নেতৃত্বে এবং সোনাখিরা আউটপোস্টের ইনচার্জ সুশীল সিনহাসহ একদল পুলিশকর্মী গভীর রাতে অভিযান চালান। তল্লাশির সময় বাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে রাখা ৯০টি বড় প্যাকেট উদ্ধার করা হয়। পরে সেগুলি পরীক্ষা করে বিপুল পরিমাণ গাঁজা মজুত থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।
অভিযান চলাকালীন বাড়ির মালিক ও মূল অভিযুক্ত মনিরুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে রানা দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন ছোট চালানের মাধ্যমে গাঁজা এনে ওই বাড়িতে মজুত করছিল। পরে সেগুলি বড় আকারে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল। এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন। এদিকে, পলাতক মনিরুল ইসলামের সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজার উৎস, সরবরাহকারী নেটওয়ার্ক এবং সম্ভাব্য পাচার রুট সম্পর্কে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



