বরাক তরঙ্গ, ২২ জুন : ভারত-বাংলা সীমান্তবর্তী শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকায় ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। হাটখলা সীমান্তে এক প্রবীণ ভারতীয় কৃষকের উপর হামলা চালিয়ে দুটি মহিষ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত কৃষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, পাথারকান্দি থানার অধীন বারইগ্রাম পুলিশ ওয়াচপোস্ট এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হাটখলা গ্রামের বাসিন্দা প্রবীণ কৃষক আলা উদ্দিন রবিবার বিকেলে নিজের জমিতে মহিষ চরাতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় ৫ থেকে ৬ জন বাংলাদেশি দুষ্কৃতী কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তাঁর উপর অতর্কিত হামলা চালায়।
দুষ্কৃতীরা আলা উদ্দিনকে মারধর করার পাশাপাশি গামছা দিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলে এবং তাঁর দু’টি মহিষ ছিনিয়ে নিয়ে সীমান্তের ওপারে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএসএফ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
গুরুতর আহত অবস্থায় আলা উদ্দিনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর বিএসএফ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছিনতাই হওয়া দু’টি মহিষ উদ্ধার বা ফেরত পাওয়ার কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হোক। হাটখলার এই ঘটনায় সমগ্র পাথারকান্দি অঞ্চলজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।



