বরাক তরঙ্গ, ২২ জুন : ধেমাজির গুটুং হাঁহসরা এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-এর দুই কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষীপথার দিক থেকে ধেমাজি শহরের দিকে আসার সময় একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িতে থাকা দুই আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন SBI ধেমাজি প্রধান শাখার ক্যাশিয়ার হিরকজ্যোতি মিলি এবং অ্যাকাউন্ট্যান্ট রাতুল কোঁওর। তাঁদের মধ্যে হিরকজ্যোতি মিলির বাড়ি জোনাইয়ে এবং রাতুল কোঁওয়োর বাড়ি ঢকুয়াখনা এলাকায় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং রাতেই পুকুর থেকে দুই কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এই আকস্মিক দুর্ঘটনায় SBI কর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।



