মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ জুন : দেশজুড়ে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভে সামিল হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। শনিবার সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে করিমগঞ্জে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে পালিত হয় ‘সর্বভারতীয় ছাত্র সংকল্প দিবস’।
শহরের ঐতিহাসিক অনুকূল সাগর প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা, শিক্ষার্থীদের ওপর প্রাতিষ্ঠানিক নিপীড়ন বন্ধ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসও-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পল্লব ভট্টাচার্য বলেন, নিট (NEET)-এর মতো গুরুত্বপূর্ণ সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও প্রশাসনিক অব্যবস্থাপনা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। পরীক্ষা বাতিল বা পুনঃপরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক ও সামাজিক চাপ সৃষ্টি করছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণের ফলেই প্রশ্নপত্র বিক্রির মতো অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থায়ী সমাধানের দাবি জানান।
সভাটি পরিচালনা করেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য জয়দীপ দাস। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



