বরাক তরঙ্গ, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবসে খোঁজ শিলচর সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রবিবার এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টায় শুরু হওয়া অনুষ্ঠানে অসমে মহিলা ফুটবল ও ফুটবল প্রশিক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু রায়। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন বাহারুল ইসলাম লস্কর, অতনু চৌধুরী, মধু শুক্ল বৈদ্য, নিলয় পাল, মণি ভট্টাচার্য, সমর ঘোষ, নিয়ারলেন্দু দেব, গণেশ ভদ্র, সুমন্ত দাস, অরিজিৎ গুপ্ত এবং নীলোৎপল ধর চৌধুরী।
এদিন বিভিন্ন ফুটবল প্রশিক্ষককে ট্র্যাকস্যুট, মোমেন্টো ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। সম্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন সুনা বিশ্বাস (অরুণাচল এসএস), বাবু সিং (ইটখোলা ফুটবল অ্যাকাডেমি), গোষ্ঠ দত্ত (অভিনব ক্লাব), মুন্না আচার্য (ইন্ডিয়া ক্লাব) এবং কীর্তি সুরেন (লাইভ ফুটবল অ্যাকাডেমি, হাতিছড়া)। পাশাপাশি রাজ্য দলের প্রাক্তন মহিলা ফুটবলার কিরণ চোয়ান, লক্ষ্মী মুন্ডা, মঞ্জুলি দাস, সুনন্দা চানু ও সরস্বতী মিধাকেও বিশেষভাবে সম্মানিত করা হয়।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অসমে দ্বিতীয় স্থান অর্জনকারী সোনালী চৌধুরী এবং জাতীয় স্তরে প্রথম স্থান অধিকারী আয়ান চক্রবর্তীকেও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে খোঁজ শিলচরের সমাজমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
সম্মানপ্রাপ্ত ফুটবল প্রশিক্ষক কীর্তি সুরেন বলেন, খোঁজ শিলচরের কাছ থেকে সম্মান পাওয়া তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। অতনু চৌধুরী বর্তমান ক্রীড়া পরিস্থিতি ও সংস্থার ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বক্তব্য রাখেন। নীলোৎপল ধর চৌধুরী ভবিষ্যতেও সংস্থার পাশে থাকার আশ্বাস দেন। সমর ঘোষ, বাহারুল ইসলাম লস্কর ও মণি ভট্টাচার্যও সংস্থার ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।
সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর জানান, সমাজের মানুষের সহযোগিতায় খোঁজ শিলচর বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করে আসছে। তিনি বলেন, সম্মানপ্রাপ্তদের জন্য ট্র্যাকস্যুট, টি-শার্ট, মোমেন্টো ও অন্যান্য উপহার স্মিথ লস্করের পরিবারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে বিভিন্ন ক্লাবকে উপহার প্রদানের কর্মসূচির অংশ হিসেবে স্পিড ক্লাবকে ১২টি চেয়ার প্রদান করা হয়। পাশাপাশি আগামী দিনে মুন লাইট ফুটবল অ্যাকাডেমিকে ১২টি প্যান্ট ও ১২টি টি-শার্ট উপহার দেওয়ার ঘোষণা করা হয়।
আসন্ন আন্তঃজেলা মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১ জুলাই শিলচর দল রওনা হবে উল্লেখ করে সজল লস্কর খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দল চ্যাম্পিয়ন হয়ে ফিরলে সকল খেলোয়াড়কে ট্র্যাকস্যুট প্রদান করা হবে। এছাড়া সর্বোচ্চ গোলদাতা ও সেরা পারফর্মারদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও থাকবে।

অনুষ্ঠানে খোঁজ শিলচরের কার্যক্রম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্থার প্রচারে বিশেষ অবদানের জন্য বাপ্পা দাস এবং নীলোৎপল ধর চৌধুরীকে সম্মাননা ও উপহার প্রদান করা হয়।



