২১ জুন : গাজায় ইজরায়েলি বিমান হামলায় আল জাজিরার একজন ক্যামেরাম্যান ও একটি শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা। আল জাজিরা জানিয়েছে, শনিবার মধ্য গাজার একটি বাড়িতে হামলায় তাদের সাংবাদিক আহমেদ উইশাহ নিহত হন। এই ঘটনাকে তারা ঘৃণ্য অপরাধ বলে তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে এটি সাংবাদিকদের লক্ষ্য করে হত্যার একটি পরিকল্পিত ধারা।
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হামাসের সামরিক শাখার একজন সদস্য ছিলেন উইশাহ। তিনি স্নাইপার অপারেশন পরিচালনার সঙ্গে যুক্ত।
তবে এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইজরায়েলি হামলায় ১০০৭ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এই সংস্থার দেয়া পরিসংখ্যানকে সাধারণত নির্ভরযোগ্য বলে মনে করে। আল জাজিরা বলেছে, আহমেদ উইশাহর মৃত্যু আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের একটি স্পষ্ট উদাহরণ এবং এটি সাংবাদিকদের কণ্ঠরোধের উদ্দেশ্যে পরিকল্পিত হামলার অংশ।
আইডিএফ আরও দাবি করেছে, সাম্প্রতিক মাসগুলোতে উইশাহ ইসরাইলি সেনাদের বিরুদ্ধে স্নাইপার হামলার পরিকল্পনা এগিয়ে নিচ্ছিলেন। একই সঙ্গে তারা জানায়, আগের এপ্রিল মাসে নিহত হওয়া তার ভাই মোহাম্মদ উইশাহও হামাসের রকেট ও অস্ত্র উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলে ইজরায়েলের অভিযোগ।
এদিকে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ওই হামলায় উইশাহসহ আরও দুইজন নিহত হন। স্থানীয় হাসপাতাল ও হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছে। আইডিএফ দাবি করেছে, নিহতদের মধ্যে আরও দু’জন হামাসের সদস্য।
গাজার সাবেড়া এলাকায় পৃথক এক হামলায় একটি পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকর্মী, আত্মীয়স্বজন এবং একটি হাসপাতাল এ তথ্য নিশ্চিত করেছে। শিফা হাসপাতাল জানিয়েছে, এই হামলায় নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে দু’জন নারী ও একটি শিশুও রয়েছে।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।



