২১ জুন : লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে নারীসহ অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউরোপের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা ডুবে যাওয়ার পর তারা নিখোঁজ হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার নিরাপত্তা বাহিনী, নৌবাহিনী ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
নৌবাহিনীর এক সূত্র জানিয়েছে, একই দুর্ঘটনায় অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন। ফলে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মিশর সীমান্তসংলগ্ন শহর তোব্রুকের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানান, কয়েকটি মরদেহে পচন ধরেছিল, যা থেকে ধারণা করা হচ্ছে তারা কয়েকদিন আগেই মারা গিয়েছিলেন। তাদের আশঙ্কা, আগামী দিনগুলোতে উপকূলের আরও বিভিন্ন স্থানে অতিরিক্ত মরদেহ ভেসে আসতে পারে।
তোব্রুক রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাদা সুরক্ষা পোশাক পরিহিত স্বেচ্ছাসেবীরা পাথুরে উপকূল থেকে মরদেহ সংগ্রহ করে বিশেষ ব্যাগে সংরক্ষণ করছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে উন্নত জীবনের আশায় হাজারো অভিবাসী প্রতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। তবে ঝুঁকিপূর্ণ এই সমুদ্রপথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।



