বন্দুক দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে ফের গ্রেপ্তার অ্যান্টি-ড্রাগ সংগঠনের সভাপতি গোমিন মিজে

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুন : অরুণাচল প্রদেশ অ্যান্টি-ড্রাগ ওয়ারিয়র সংস্থার সভাপতি গোমিন মিজে আবারও পুলিশের জালে ধরা পড়েছেন। এবার অরুণাচল প্রদেশের পাসিঘাটে এক তরুণীকে বন্দুক দেখিয়ে ধর্ষণের গুরুতর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুন পাসিঘাটের এক তরুণী পাসিঘাট মহিলা থানায় গোমিন মিজের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। অভিযোগে ওই তরুণী জানান, অভিযুক্ত গোমিন মিজে অস্ত্র দেখিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পাসিঘাট মহিলা থানায় একটি মামলা রুজু করা হয়। এরপর তদন্তে নেমে অরুণাচল প্রদেশ পুলিশ পাসিঘাট থেকেই অভিযুক্ত গোমিন মিজেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, গোমিন মিজের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। এর পূর্বে অসমের লখিমপুর জেলার বিহপুরিয়া থানার অন্তর্গত চেচা রাজগড় এলাকায় এক অসমিয়া দম্পতির ওপর গুলিচালনা, চাঁদাবাজি এবং অপহরণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল লখিমপুর পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান।

এদিকে, এক তরুণীকে বন্দুকের মুখে ধর্ষণের মতো সংবেদনশীল মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ায় স্বঘোষিত মাদকবিরোধী কর্মী হিসেবে পরিচিত গোমিন মিজের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বর্তমানে ঘটনাটির বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *