বরাক তরঙ্গ, ১৮ জুন : অনলাইন গেমের আসক্তি আরও এক উদীয়মান তরুণের প্রাণ কেড়ে নিল। অসমের শোণিতপুর জেলার মিসামারিস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) ডিপোতে কর্মরত ডিব্রুগড়ের এক প্রশিক্ষণপ্রাপ্ত প্রকৌশলীর আত্মহত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম রূপম ফুকন। তিনি ডিব্রুগড়ের বরবরুয়া এলাকার বাসিন্দা ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাস থেকে রূপম ফুকন মিসামারি IOC ডিপোতে প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি মিসামারির গণেশ পাটওয়ারি নামের এক ব্যক্তির ভাড়া বাড়িতে আরও দুই সহকর্মীর সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার দিনের বেলায় নিজের ভাড়া বাড়ির ঘরেই তিনি চরম পদক্ষেপ গ্রহণ করেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মিসামারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। রূপমের সহকর্মীদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন গেমের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছিলেন। অনলাইন গেমে বিপুল আর্থিক ক্ষতির পর সৃষ্ট মানসিক চাপ ও হতাশা সহ্য করতে না পেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
জানা গেছে, মৃত্যুর আগে নিজের মোবাইল ফোনে একটি শেষ বার্তাও লিখে গিয়েছিলেন রূপম। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, অনলাইন গেমের কারণে তিনি তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন।
পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। এই মর্মান্তিক ঘটনা আবারও অনলাইন গেমের নেতিবাচক প্রভাব এবং এর কারণে যুবসমাজের একাংশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ার বিষয়টিকে সামনে এনে দিয়েছে।



