শ্রীকোণা আইটিআই-এ কিশোর নাথকে সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ জুন : শ্রীকোণা আইটিআই-এ বিধায়ক কিশোর নাথকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হয়। মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ, শ্রেণিকক্ষ, ছাত্রাবাস, পানীয়জলের ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামো ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ছাত্রছাত্রী ও শিক্ষকরা দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন। তাঁদের অভিযোগ, প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর ঘাটতি, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব, বিশুদ্ধ পানীয় জলের সংকট, হোস্টেলের নানা সমস্যা এবং জীর্ণ পরিকাঠামোর কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

জানা গেছে, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক ভবন বর্তমানে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করতে হচ্ছে। পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কারিগরি শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন ছাত্রছাত্রী ও অধ্যাপকরা।

সমস্ত বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে বিধায়ক কিশোর নাথ শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, তিনি শীঘ্রই বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে আনবেন এবং সমস্যাগুলির স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেবেন।

তিনি বলেন, “কারিগরি শিক্ষার উন্নয়ন রাজ্যের সামগ্রিক অগ্রগতির অন্যতম ভিত্তি। শিক্ষার্থীরা যাতে উন্নত ও আধুনিক পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।”
বিধায়কের এই আশ্বাসে শিক্ষার্থী ও শিক্ষক মহলে আশার সঞ্চার হয়েছে। তাঁদের প্রত্যাশা, দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধান হবে এবং শ্রীকোণা সরকারি আইটিআই আবারও আধুনিক ও মানসম্মত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *