মাতৃভূমি কাপ : কোয়ার্টার ফাইনালে ইসলামাবাদ

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : গ্যালারি ভর্ত্তি দর্শক, টানটান উত্তেজনা ও জমজমাট ফুটবল সবমিলিয়ে সোমবার এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচের সাক্ষী থাকলেন ধলাইর ফুটবলপ্রেমী জনতা। এদিন মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হয় আব্দুল এফসি জামালপুর ও ইসলামাবাদ এফসি। তুমুল প্রতিদ্বন্দিতামূলক লড়াইয়ে এদিন প্রতিপক্ষ আব্দুল এফসি জামালপুর দলকে ৩-১ গোলে পরাস্ত করে সপ্তম দল হিসাবে কোয়ার্টার ফাইনালের জায়গা পাকা করে নিয়েছে ইসলামাবাদ।

স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য। আক্রমণ ও প্রতিআক্রমণ, টানটান উত্তেজনার মাঝে চলতে থাকে প্রথমার্ধের খেলা। দুপক্ষের হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের অনেক আনন্দ দিয়েছে, তবে কোন দলই প্রথমার্ধের খেলায় গোল করতে সক্ষম হয়নি। বিরতির সময় ম্যাচের ফলাফল ছিল ঠিক এইরকম- আব্দুল এফ.সি জামালপুর শূন্য- ইসলামাবাদ শূন্য। 

প্রথমার্ধ গোল শূন্য থাকায় দ্বিতীয়ার্ধে ম্যাচের গুরুত্ব বেড়ে যায় উভয় দলের জন্য। কোয়ার্টার ফাইনালের টিকিট আদায়ে দ্বিতীয়ার্ধে মাঠ কাঁপাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপায় দুটি দল। খেলার ৪০ মিনিটে ডি বক্সের কাছাকাছি থেকে জোরালো শট মেরে আব্দুল এফসি জামালপুর দলকে এগিয়ে দেন ইন্নত। সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ইসলামাবাদ, ফলশ্রুতিতে ম্যাচের ৫৩ মিনিটে নিজ দলের হয়ে সমতাসূচক গোল করেন ধীমান। ম্যাচ সমতায় আসার পর পুনরায় রণংদেহী মেজাজে আক্রমণাত্মক ফুটবল খেলে ইসলামাবাদ দল এবং খেলার ৫৫ মিনিটে মুনজিৎ ও ৭০ মিনিটে সংজা পর পর দুটি গোল করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে ইসলামাবাদ দল।

এদিন ম্যাচে অনবদ্য প্রদর্শনের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন মুনজিৎ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী, বিজেপি নেতা কৃষ্ণজীবন দেবনাথ, ইকবাল হোসেন লস্কর ও সাব উদ্দিন বড়ভূইয়া। খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, ইজাজ আহমদ লস্কর, বুলবুল লস্কর ও নুংশিতম্বী সিংহ। মঙ্গলবার ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের খেলায় এসএসএমএ এফসি কর্কট ও পানিসাগর মোকাম এফসি মোকাবিলা করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *