ভারতীয় কৃষককে তুলে নিয়ে গেল বাংলাদেশের দুষ্কৃতিরা, কাটিগড়া সীমান্তে উত্তেজনা

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ জুন : ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার কিন্নরখাল সীমান্ত এলাকায় এক ভারতীয় কৃষককে জোরপূর্বক বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিনের আলোয় ঘটে যাওয়া এই ঘটনায় সীমান্তবর্তী এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চণ্ডীনগর দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা কৃষক রঞ্জিত দাস মঙ্গলবার সকাল প্রায় ১১টার দিকে কাটাতারের ওপারে ভারতের জমিতে গবাদিপশুর খাদ্য হিসেবে ঘাস কাটছিলেন। অভিযোগ, সেই সময় বাংলাদেশ থেকে আসা কয়েকজন ব্যক্তি তাঁকে জোর করে ধরে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিএসএফের জওয়ানরাও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে উদ্যোগী হন।

প্রাথমিক সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে বিএসএফ ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি, ঘটনাটি নিয়ে একটি ফ্ল্যাগ মিটিং আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ওই বৈঠকে কৃষকের অবস্থান, ঘটনার প্রকৃত কারণ এবং তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এদিকে, সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সামনে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রঞ্জিত দাসকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন সীমান্তবাসীরা। প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বিষয়টির দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *