পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ জুন : মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির উদ্যোগে রবিবার আম্বিকাপট্টিস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে প্রতি মাসের ন্যায় এ মাসেও মনীষী স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন এবং সমিতির সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ মাসে যাঁদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়, তাঁরা হলেন বীর বিরসা মুন্ডা, বিপ্লবী শহিদ রামপ্রসাদ বিসমিল, শহিদ কুশোল কুয়োর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং কবি মাইকেল মধুসূদন দত্ত।
প্রারম্ভিক বক্তব্যে সমিতির জেলা সভাপতি সুনীল রায় স্মরণীয় ব্যক্তিত্বদের জীবন, আত্মত্যাগ ও আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশ শাসনমুক্ত করার লক্ষ্যে সংগঠিত সশস্ত্র আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন বীর বিরসা মুন্ডা। তাঁর সংগ্রাম আজও দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অঞ্জু এন্দো, সহ-সভাপতি আব্দুর রহমান লস্কর, প্রবীণ সদস্য ও আইনজীবী সুব্রত ভট্টাচার্য, ড. কস্তুরী হোম চৌধুরী, সুপ্রভা রাজকুমারী, সাহিত্য সম্পাদক রানোতোষ দে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা মনীষীদের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অলকা রায় (ভট্টাচার্য) স্মৃতিতে এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে লেটার মার্কসসহ প্রথম বিভাগে উত্তীর্ণ ১৯ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি ১৯৬১ সালের ভাষা শহিদদের প্রতিকৃতি প্রথমবার জীবন্ত ও রঙিন রূপে অঙ্কনের জন্য তৎকালীন ছাত্রী এবং বর্তমান শিক্ষিকা অমৃতা চৌধুরী (রায়)-কেও বিশেষভাবে সম্মানিত করা হয়।
সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন কৌস্তব চক্রবর্তী, বিজয়া সূত্রধর, রিতু দাস, অমৃতা দাস, রিয়া দাস, বৈশালী দাস, সোমা বৈষ্ণব, মহাশ্বেতা দাস, শ্রীজেয় বন্দ্যোপাধ্যায়, দীপা দেবনাথ, নিপা দাস, দীপা দাস, স্নেহা দাস, দুর্গা দাস, রুমিনা বেগম মাঝারভূইয়া, রিয়া পাল, নীলু দাস, সোনালী দাস এবং অনিশ্বা পাল।
অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করেন সুমিতা ভট্টাচার্য, সুতপা দে, মনি দে, মধুমিতা দে, ড. শ্রাবণী সরকার হোম চৌধুরী, শিপ্রা দাস, মঞ্জুশ্রী চক্রবর্তী, কৃষ্ণা দাস, পার্বতী রায়চৌধুরী, মীরা পাল, পূজা সূত্রধর প্রমুখ শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মনি দে। সহযোগিতা করেন দেবলীনা রায় ও আইনজীবী বীরু রঞ্জন নাথ।



