কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন শিলচর, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর। 
বরাক তরঙ্গ, ১৪ জুন : রবিবার সকালে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়েছে শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, লিংক রোড, সোনাই রোড, বিলপার, শ্যামাপ্রসাদ রোডসহ একাধিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন পথচারী, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা।

বৃষ্টির জলে রাস্তা ডুবে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। জলাবদ্ধতার কারণে রোগী পরিবহণকারী অ্যাম্বুলেন্স পরিষেবাও সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক স্থানে রাস্তা ও নিকাশি নালা একাকার হয়ে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং বিভিন্ন এলাকায় যানজটেরও সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অসম্পূর্ণ নিকাশি প্রকল্প এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ার ফলেই সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ছে। পাশাপাশি ড্রেনে নির্বিচারে আবর্জনা ফেলার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে বৃষ্টির জল দ্রুত নিষ্কাশিত না হয়ে রাস্তাঘাট ও বসতিপূর্ণ এলাকায় জমে থাকছে।

বর্ষা মৌসুমের শুরুতেই শহরের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নিয়মিত নিকাশি নালা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *