শিলিগুড়ি-শিলচর এক্সপ্রেসওয়ে: উত্তর-পূর্বের যোগাযোগ ব্যবস্থায় আসছে নতুন যুগ, জানালেন মুখ্যমন্ত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জুন: উত্তর-পূর্ব ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে চলেছে। শীঘ্রই শিলিগুড়ি থেকে শিলচর পর্যন্ত একটি নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। প্রস্তাবিত এই এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হলে অসম-বঙ্গ সীমান্ত থেকে শিলচর পৌঁছাতে সময় লাগবে মাত্র ছয় ঘণ্টা। এর ফলে বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা এবং উত্তরবঙ্গের মধ্যে দ্রুত, আধুনিক ও নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

শনিবার গুয়াহাটির অটল বিহারি বাজপেয়ী ভবনে আয়োজিত ‘১২ বছর বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণ’ শীর্ষক এক বিশেষ মিডিয়া কনক্লেভে মুখ্যমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন। অনুষ্ঠানে রাজ্যের ২৫টি সংবাদমাধ্যমের সম্পাদক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এক্সপ্রেসওয়েটি শ্রীরামপুর হয়ে শিলিগুড়ির সঙ্গে শিলচরকে সংযুক্ত করবে। এর ফলে দুই শহরের মধ্যকার দীর্ঘ যাত্রাপথ উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং ভ্রমণের সময় ৬ থেকে ৭ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তিনি বলেন, “শিলিগুড়ি থেকে শিলচর পর্যন্ত নতুন এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই করা হবে। এই প্রকল্প অসমের পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এবং সীমান্ত এলাকা থেকে শিলচরে যাতায়াতকে আরও সহজ ও দ্রুত করবে।”

হিমন্ত বিশ্ব শর্মার মতে, আগামী দশকে অসমের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের অন্যতম প্রধান ভিত্তি হবে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক অবকাঠামো। তিনি বলেন, এই এক্সপ্রেসওয়ে শুধু বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়াবে না, বরং কৌশলগত ও সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *