দৈনিক ইনকিলাবের ৪১ বছরে পদার্পণে ‘বরাক তরঙ্গ’ ডিজিটাল নিউজ পোর্টালের শুভেচ্ছা

Spread the news

১৪ জুন : বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক ইনকিলাব ৪০ বছর পূর্ণ করে ৪১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে পত্রিকাটির সম্পাদকমণ্ডলী, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারতের অসম রাজ্যের ছোট পরিসরে থাকা ডিজিটাল ওয়েব নিউজ পোর্টাল ‘বরাক তরঙ্গ’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বাণীতে ইনকিলাব কর্তৃপক্ষ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম নিবেদন করে। সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, দেশ ও জনগণের কল্যাণ, জাতীয় স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে প্রখ্যাত চিন্তাবিদ, সংস্কারক ও রাজনীতিক মওলানা এম এ মান্নান (রহ.) দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠা করেন। চার দশকেরও বেশি সময় ধরে একই সম্পাদকীয় আদর্শ ও নীতির ধারাবাহিকতা বজায় রেখে সংবাদপত্রটি দেশ ও জনগণের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে বলে বাণীতে উল্লেখ করা হয়। সংবাদ পরিবেশনের পাশাপাশি জাতীয় ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণেও গুরুত্ব দিয়ে আসছে পত্রিকাটি।

ইনকিলাবের ভাষ্য অনুযায়ী, মহান মুক্তিযুদ্ধের চেতনা, অর্থনৈতিক মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই পত্রিকাটি দীর্ঘদিন ধরে জনমতের প্রতিফলন ঘটিয়ে আসছে। আরও বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ইনকিলাব সবসময় আপসহীন অবস্থান নিয়েছে। দেশ, ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার ভূমিকা পালন করার পাশাপাশি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে নতুন প্রজন্মের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছে।

দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতা মোকাবিলার কথাও উল্লেখ করা হয়। হামলা, মামলা, প্রশাসনিক চাপ, কার্যালয়ে অভিযান এবং প্রকাশনা বন্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হলেও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকে পত্রিকাটি বিচ্যুত হয়নি বলে সম্পাদকীয়তে দাবি করা হয়েছে।

ইনকিলাব কর্তৃপক্ষের মতে, সংবাদপত্রটি শুধু একটি দৈনিক নয়, বরং একটি আদর্শ, দর্শন ও সাংবাদিকতা চর্চার প্রতিষ্ঠান। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন গভীরভাবে পর্যবেক্ষণ করে তা জনগণের সামনে তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য। পাশাপাশি জাতীয় মূল্যবোধ, সংস্কৃতি ও নৈতিকতার আলোকে তরুণ সমাজকে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, ইনকিলাব সবসময় গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় স্বার্থ ও জনকল্যাণমূলক উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের সমালোচনায়ও সক্রিয় ভূমিকা পালন করেছে।

৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক, শুভানুধ্যায়ী, এজেন্ট, বিজ্ঞাপনদাতা এবং সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দৈনিক ইনকিলাব।

এদিকে, দৈনিক ইনকিলাবের ৪১ বছরে পদার্পণ উপলক্ষে বরাক তরঙ্গ ডিজিটাল নিউজ পোর্টালের পক্ষ থেকে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশের গণমাধ্যমের বিকাশ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থ রক্ষায় ইনকিলাবের ইতিবাচক ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পুনরায় দৈনিক ইনকিলাবের পরিবারকে শুভেচ্ছা জানায় বরাক তরঙ্গ গ্রুপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *