ভাগাবাজারে যানজটকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত লরি চালক ও খালাসি

Spread the news


বরাক তরঙ্গ, ১৩ জুন : ধলাই থানার অন্তর্গত ভাগাবাজারে যানজটকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এক খালি লরির চালক ও খালাসির উপর হামলার ঘটনায় তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিজোরাম দিক থেকে আসা একটি খালি লরি ভাগাবাজার এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন দুই যুবক। বাজারের যানজটের মধ্যে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। অভিযোগ, এরপর ক্ষুব্ধ দুই যুবক স্কুটি থেকে নেমে লরির চালক ও খালাসির উপর চড়াও হয়। কোনও অস্ত্র দিয়ে আক্রমণ করলে দু’জনই গুরুতর জখম হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত চালক ও খালাসি জামালপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাঁদের উপর হামলার খবর গ্রামে পৌঁছাতেই লাঠিসোটা নিয়ে একদল লোক ঘটনাস্থলে এসে জড়ো হন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেই অভিযুক্ত দুই যুবক স্থান ত্যাগ করে বলে জানা গেছে। পুলিশ লরিটিকে হেফাজতে নিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে

এদিকে, ঘটনাটি কভার করতে গিয়ে এক সংবাদকর্মীও হেনস্তার শিকার হন বলে অভিযোগ উঠেছে। তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে জানা গেছে। এই ঘটনায় সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *