গুয়াহাটিতে জাপানিজ এনকেফেলাইটিসে বছরের প্রথম মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জুন : কয়েক সপ্তাহ ধরে গুয়াহাটি মহানগরীতে জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে শহরে চলতি বছরের প্রথম জাপানিজ এনকেফেলাইটিসজনিত মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুয়াহাটির উপকণ্ঠবর্তী পানিখাইতি এলাকার গান্ধীনগরের বাসিন্দা নর বাহাদুর ছেত্রী (৩৪) জাপানিজ এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল (জিএমচিএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, কয়েকদিন ধরে নর বাহাদুর চেত্রী জ্বর, তীব্র মাথাব্যথা এবং স্নায়বিক জটিলতাজনিত বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরিবারের সদস্যরা গত ৩ জুন তাঁকে গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। পরদিন, ৪ জুন, পরীক্ষার রিপোর্টে তাঁর জাপানিজ এনসেফেলাইটিসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

উল্লেখ্য, সম্প্রতি অসমজুড়ে জাপানিজ এনসেফেলাইটিস (JE) এবং একিউট এনসেফেলাইটিস সিনড্রোম (AES)-এর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির মধ্যে পানিখাইতির এক যুবকের মৃত্যু রাজ্যবাসীর উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, মশা নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য পরিষেবা জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *