১৮ বছরের ঊর্ধ্বে নতুন আধার কার্ড ইস্যু বন্ধের সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জুন : অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড প্রাপ্তি রোধে ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য নতুন আধার কার্ড ইস্যু প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। শনিবার দিসপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রাজ্যে আধার নিবন্ধনের হার ইতোমধ্যেই প্রায় শতভাগে পৌঁছেছে। ফলে এখন থেকে ১৮ বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি নতুন আধার কার্ডের জন্য আবেদন করলে জেলা প্রশাসনকে প্রথমে রাজ্য সরকারের অনুমোদন নিতে হবে। সরকারের সম্মতি মিললেই কেবল আধার কার্ড ইস্যু করা হবে।

তবে ১৮ বছরের নিচের আবেদনকারীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। মুখ্যমন্ত্রী বলেন, অনেক কিশোর-কিশোরী ওই বয়সে প্রথমবার আধার কার্ডের জন্য আবেদন করে থাকে। এছাড়া তফসিলি জনজাতি (এসটি) এবং চা-জনজাতি সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যেসব এসটি ও চা-বাগান এলাকার বাসিন্দা এখনও আধার কার্ড পাননি, তাঁরা ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে ১ এপ্রিল ২০২৭ থেকে তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।

মুখ্যমন্ত্রীর দাবি, এই পদক্ষেপের ফলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড পাওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে সীমিত হবে। একই সঙ্গে প্রকৃত ভারতীয় নাগরিকরা যাতে বিশেষ পরিস্থিতিতে বঞ্চিত না হন, সেজন্য জেলা কমিশনারদের মাধ্যমে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে আধার কার্ড প্রদানের ব্যবস্থা বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *