গুজরাট টাইটান্সের টিম বাসে আগুন, অল্পের জন্য রক্ষা শুভমনদের

Spread the news

১ জুন : রবিবার আইপিএলের মেগা ফাইনালে স্বপ্নভঙ্গের পর মাঝরাতে এক চরম বিপর্যয়ের মুখে পড়লেন গুজরাট টাইটান্সের (GT) ক্রিকেটাররা। মাঠ থেকে হোটেলে ফেরার পথে আচমকাই গুজরাট টাইটান্সের টিম বাসে আগুন লেগে যায় (Gujarat Titans Team Bus Fire)। সংবাদসংস্থা পিটিআই (PTI) জানিয়েছে, বাসের ভেতরে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল। তবে সৌভাগ্যবশত বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত বাস থেকে ক্রিকেটারদের নামিয়ে দেওয়ায় রক্ষা পেয়েছেন সকলেই। তবে এই দুর্ঘটনার জেরে মাঝরাস্তায় প্রায় ঘণ্টাখানেক আটকে থাকতে হয় শুভমন গিলদের।

রবিবার রাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল আইপিএলের মেগা ফাইনাল। সেখানে শুভমন গিলদের গুজরাট টাইটান্সকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ফাইনাল হারের হতাশা নিয়ে গভীর রাতে মাঠ থেকে বিলাসবহুল টিম বাসে চেপে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পরাজিত দলের ক্রিকেটাররা।

কিন্তু হোটেল পৌঁছানোর আগেই মাঝরাস্তায় বিপত্তি ঘটে। চলন্ত বাসের ভেতরে শর্ট সার্কিটের কারণে মুহূর্তের মধ্যে দাউদাউ আগুন জ্বলে ওঠে এবং বাসের ভেতরের অংশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। বাসে আগুন লাগার বিষয়টি টের পেয়েই চালক তড়িঘড়ি রাস্তার ধারে বাসটি দাঁড় করান।

ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আগেই বাসের দরজা খুলে দ্রুত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। শর্ট সার্কিটের জেরে ফ্র্যাঞ্চাইজির ওই বাসটি পুরোপুরি বিকল হয়ে গিয়েছিল। মাঝরাস্তায় বাস বিকল হওয়ায় গভীর রাতে চরম সমস্যায় পড়েন ক্রিকেটাররা। ব্যাক-আপ হিসেবে ফ্র্যাঞ্চাইজির তরফে অন্য একটি বাসের ব্যবস্থা করা হলেও, সেটি অকুস্থলে পৌঁছাতে বেশ কিছুটা সময় নেয়।

ততক্ষণ পর্যন্ত শুভমন গিল, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডাদের মতো তারকা ক্রিকেটারদের গভীর রাতে প্রকাশ্য রাস্তাতেই দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। প্রায় ঘণ্টাখানেক পর বিকল্প বাসটি এলে ক্রিকেটাররা নিরাপদে হোটেলে পৌঁছান। গুজরাট টাইটান্স ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, ক্রিকেটারদের ট্রফি হাতছাড়া হওয়ার দুঃখ থাকলেও, এই ভয়াবহ বাস দুর্ঘটনার হাত থেকে দলের প্রত্যেকেই সম্পূর্ণ সুরক্ষিত ও অক্ষত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *