৩১ মে : ইউরোপীয় ফুটবলে নতুন ইতিহাস রচনা করল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। শনিবার হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত রোমাঞ্চকর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল পিএসজি।
নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে সমতায় থাকায় খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস শেষ স্পট-কিকটি ক্রসবারের উপর দিয়ে মেরে ফেললে জয় নিশ্চিত হয় পিএসজির।
ম্যাচের শুরুতেই ৬ মিনিটে কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর দীর্ঘ সময় শক্তিশালী রক্ষণভাগের মাধ্যমে পিএসজির আক্রমণ সামাল দেয় ইংলিশ ক্লাবটি। তবে ৬৫ মিনিটে ওসমান ডেম্বেলের পেনাল্টি গোলে সমতা ফেরায় পিএসজি। এরপর অতিরিক্ত সময়েও আর কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
এই জয়ের মাধ্যমে আধুনিক যুগে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দ্বিতীয় ক্লাবে পরিণত হয়েছে পিএসজি। এর আগে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনবার শিরোপা জিতেছিল।
ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক মারকিনিওস বলেন, “এটা অবিশ্বাস্য অনুভূতি। মৌসুমের শুরু থেকেই কোচ বলেছিলেন, একবার জেতা কঠিন, কিন্তু টানা দু’বার জেতা আরও কঠিন। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করেছি।”
অন্যদিকে কোচ লুইস এনরিকে নিজের কোচিং ক্যারিয়ারের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন। তিনি বলেন, “গত বছরের তুলনায় এই জয় আরও বিশেষ। আমরা জানতাম আর্সেনালের বিপক্ষে লড়াইটা কতটা কঠিন হবে। পুরো মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় এই শিরোপা আমাদের প্রাপ্য।”
ফাইনালে পরাজয়ের পর আর্সেনাল মিডফিল্ডার ডেকলান রাইস হতাশা প্রকাশ করে বলেন, “পেনাল্টিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারাটা ভীষণ কষ্টের। তবে দল হিসেবে আমরা কতটা এগিয়েছি, সেটাও দেখতে হবে। আমরা শেষ পর্যন্ত লড়েছি এবং ম্যাচকে টাইব্রেকারে নিয়ে গিয়েছিলাম।”
উল্লেখ্য, গত বছর ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল পিএসজি। আর এবার আর্সেনালকে হারিয়ে নিজেদের আধিপত্য আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল লুইস এনরিকের দল।



