বরাক তরঙ্গ, ৩০ মে : প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক-এর জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বরাক এন্টারটেনমেন্ট সোসাইটি। ‘স্মরণ-শ্রদ্ধার্ঘ্য-চর্চা’— এই অঙ্গীকারকে সামনে রেখে আগামী ৩১ মে শিলচরের শিবালিক পার্ক শ্রীশ্রী দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এই ধারাবাহিক কর্মসূচির তৃতীয় পর্ব। অনুষ্ঠানের যৌথ আয়োজক হিসেবে রয়েছে শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটি।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ২০২৫-এ জন্মশতবর্ষ উদ্যাপনের সূচনা পর্ব অনুষ্ঠিত হয়েছিল শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ কোরাস নাট্য সংস্থার সহযোগিতায় টিকরবস্তিতে দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ঋত্বিক ঘটককে নিয়ে আলোচনা এবং তাঁর কালজয়ী চলচ্চিত্র অযান্ত্রিক প্রদর্শিত হয়েছিল।
আগামী ৩১ মে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে মাসরুল বারি ও কৃশানু ভট্টাচার্যের সংগ্রহ ও প্রস্তুত করা ঋত্বিক ঘটক বিষয়ক একটি বিশেষ স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি তাঁর বিখ্যাত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা-র একটি আবেগঘন রবীন্দ্রসংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। আলোচনা সভার পর প্রদর্শিত হবে দেশভাগ-পরবর্তী মধ্যবিত্ত সমাজের সংকট, অবক্ষয় এবং মূল্যবোধের দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ঋত্বিক ঘটকের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি ‘মেঘে ঢাকা তারা’।
আয়োজকদের মতে, ঋত্বিক ঘটক কেবল একজন চলচ্চিত্র নির্মাতা নন, তিনি ছিলেন এক আপসহীন, দায়বদ্ধ ও মৌলিক চিন্তার শিল্পী। দেশভাগের ক্ষত, উদ্বাস্তু জীবনের সংগ্রাম এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় তাঁর চলচ্চিত্রে গভীর মানবিকতা ও প্রতিবাদের ভাষায় প্রতিফলিত হয়েছে। তাঁর সৃষ্টিশীলতা ও জীবনদর্শন আজও বিশ্ব চলচ্চিত্রের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।
বরাক এন্টারটেনমেন্ট সোসাইটির বিশ্বাস, নতুন প্রজন্মের শিল্পী ও সংস্কৃতিকর্মীদের কাছে ঋত্বিক ঘটকের শিল্পভাবনা ও সামাজিক দায়বদ্ধতার দর্শন পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। তাঁর সৃজনশীল মনন এবং প্রতিবাদী চেতনা সমকালীন নাটক ও চলচ্চিত্র জগতের নবীন প্রতিভাদের অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন আয়োজকরা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির পক্ষে সুদীপ্ত দেবরায় এবং বরাক এন্টারটেনমেন্ট সোসাইটির পক্ষে অধ্যাপক অজয় রায় অনুষ্ঠানে চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।



