৩১ মে : আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) এর জয়ের পর ফ্রান্সজুড়ে ফুটবল সমর্থক ও পুলিশের সংঘর্ষে চারশোর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে।রাজধানী প্যারিসে বাস, ট্রেন ও রেল সেবা ব্যাহত করা এই উশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।
পিএসজির জয়ের পর বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালানো হয়।
উদ্যাপনের সময় আতশবাজি ও ফ্লেয়ার ফোটানো হয় এবং এতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। শহরের কেন্দ্রস্থলে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এটি পিএসজির জন্য টানা দ্বিতীয় জয় হলেও, ফুটবলকে কেন্দ্র করে ফ্রান্সে এটি টানা দ্বিতীয় বছরের সহিংসতা। এর আগে ২০২৫ সালে ফরাসি দলটির জয়কে কেন্দ্র করে শুরু হওয়া উদ্যাপন প্রাণঘাতী রূপ নিয়েছিল।
প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় করে ইউরোপীয় ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা দল হিসেবে নিজেদের অবস্থান পাকা করেছে। এই টুর্নামেন্টের বর্তমান ফরম্যাটের খেলায় শিরোপা ধরে রাখা মাত্র দ্বিতীয় ক্লাব এখন তারা।
বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালের সাথে ১-১ গোলে ড্র করার পর, এক স্নায়ুক্ষয়ী পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় তারা। এর ঠিক ১২ মাস আগে মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পিএসজি।
এর মাধ্যমে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে রিয়াল মাদ্রিদের টানা তিনবার শিরোপা জেতার পর প্রথম দল হিসেবে তারা সফলভাবে নিজেদের মুকুট ধরে রাখল। একই সাথে ১৯৯৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ যুগ শুরু হওয়ার পর এই কীর্তি গড়া মাত্র দ্বিতীয় দল তারা।
খবর : বিবিসি বাংলা।



