২৯ মে : ক্যানাডার নায়াগ্রা এলাকায় আততায়ীর ছুরির আঘাতে প্রাণ গেল ২২ বছরের এক ভারতীয় তরুণীর। নিহত তরুণীর নাম বিধি কল্পেশভাই মেঘানি। তিনি গত চার বছর ক্যানাডায় আইন নিয়ে পড়াশোনা করছিলেন ও সঙ্গে পার্ট টাইম চাকরিও করছিলেন বলে পুলিশ সূত্রের খবর। বিধির বাড়ি গুজরাটের আনন্দ জেলায়। তবে ক্যানাডায় ‘পার্মানেন্ট রেসিডেন্সি’–এর জন্য তিনি অ্যাপ্লাই করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে খবর। খুনের তদন্ত শুরু করে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই হত্যার কারণ সম্পর্কে ধোঁয়াশা রয়ে গিয়েছে।
ঘটনাটি সপ্তাহ দুয়েক আগের, ১৫ মে–র। পুলিশি রিপোর্ট অনুযায়ী, বিধি নায়াগ্রা এলাকাতেই থাকতেন। সকালে তাঁর বাড়ি থেকে বেরোতেই ছুরি নিয়ে কেউ তাঁকে আক্রমণ করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা বিধিকে মৃত বলে ঘোষণা করেন। বিধির মৃত্যুর খবর ভারতে তাঁর পরিবারকে জানানো হয় ঘটনার বেশ কয়েকদিন পরে। মেয়ে যে খুন হয়েছে, তা মেঘানি পরিবার জানতই না! ১৬–মে থেকে মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে মেঘানি পরিবার ভেবেছিল, পড়াশোনা ও কাজ নিয়ে ব্যস্ত আছেন বিধি। ক্যানাডার পুলিশ ভারতে পরিবারকে জানাতে কেন এত দেরি করলো, তা-ও পরিষ্কার নয়। মেয়ের দেহের সৎকার কী ভাবে হবে, এই সব নিয়ে এখনও কিছুই জানে না শোকস্তব্ধ মেঘানি পরিবার।
এই নিয়ে গত কয়েক বছরে বেশ কয়েক জন ভারতীয় পড়ুয়ার উপরে হামলার ঘটনা ঘটলো। সম্প্রতি এই ধরনের ঘটনা বেড়ে গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে, দুর্ঘটনায় অথবা সন্দেহজনক পরিস্থিতিতে বেশ কয়েকজন ভারতীয় ছাত্র মারা গিয়েছেন ক্যানাডায়। ২০২৪ সালের ডিসেম্বরে এডমন্টনে সিকিওরিটি গার্ডের কাজ করার সময়ে ভারতীয় ছাত্র হর্ষদীপ সিংকে গুলি করে মারে দুষ্কৃতী। এ ক্ষেত্রে আততায়ীর টার্গেট বিধিই ছিলেন, নাকি অন্য কোনও ঘটনা এর পিছনে, তা পুলিশ খতিয়ে দেখছে।



