বরাক তরঙ্গ, ২৭ মে : পেট্রো পণ্য সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)র পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বুধবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির সামনে জমায়েত হয়ে দেশে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন । এক সপ্তাহের মধ্যে লাগাতার পেট্রোল ডিজেলের আট টাকা প্রতি লিটার মূল্যবৃদ্ধি নজিরবিহীন। এর ফলে অবশ্যম্ভাবী ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সমস্ত পণ্যের মূল্যবৃদ্ধি ঘটছে এবং আরও মূল্যবৃদ্ধি ঘটবে।
আন্তর্জাতিক বাজারে পেট্রোলের মূল্যবৃদ্ধির সমস্ত বোঝা জনগণের উপর চাপিয়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। বাস্তবে রাজ্য ও কেন্দ্র সরকার ভারতে পেট্রোল ডিজেলের মূল্যের দ্বিগুণ হারে কর আদায় করে। সেই করে ছাড় না দিয়ে জনগণের ঘাড়ে এই অনৈতিক বোঝা চাপিয়েছে বলে বক্তারা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। এখানে সভা শেষে স্কোয়াডের মাধ্যমে স্লোগান সহযোগে বিভিন্ন পথ পরিক্রমা করে ভাওয়াল পয়েন্ট এবং নাহাটা পয়েন্টে পথ সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।আজকের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিদ্যুৎ দেব, সুপ্রিয় ভট্টাচার্য,অতীন দেব চৌধুরী প্রমুখ।



