মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ মে : ধর্মীয় চেতনা ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর উপাসনা প্রচার মণ্ডলী। ভক্তি, মানবতা ও সমাজকল্যাণের আদর্শকে সামনে রেখে দীর্ঘদিন ধরে নানা ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সংগঠনটি। রবিবার বারইগ্রামস্থিত শ্রীশ্রী গোপাল জিউ ও শ্রীশ্রী রাধা বিনোদ জিউ আশ্রমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আশ্রম কর্তৃপক্ষের হাতে আটটি সিলিং ফ্যান তুলে দেন মণ্ডলীর কর্মকর্তারা ও ভক্তবৃন্দ।
জানা গেছে, ২০১৬ সালে শ্রীভূমি শহরের পুরাতন মিশন রোড এলাকার কয়েকজন ভক্তকে নিয়ে ছোট পরিসরে যাত্রা শুরু হয় উপাসনা প্রচার মণ্ডলীর। শুরুতে ধর্মীয় আলোচনা, নামকীর্তন ও ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বর্তমানে সংগঠনটি সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করাই সংগঠনের মূল উদ্দেশ্য।
রবিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অসংখ্য বৈষ্ণব ও ভক্তবৃন্দ। প্রচণ্ড গরমের মধ্যে আশ্রমের সেবায়ত ও বাসিন্দাদের স্বস্তির কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি প্রায় দুই শতাধিক বৈষ্ণব ও সেবায়তীদের মধ্যে প্রসাদ বিতরণ ও ভোজনের আয়োজন করা হয়। হরিনাম সংকীর্তন, ভজন ও কীর্তনের মধ্য দিয়ে আশ্রম প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক পরিবেশ।
উপাসনা প্রচার মণ্ডলীর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ধর্মীয় প্রচারের পাশাপাশি মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, বর্তমান সমাজে এ ধরনের মানবিক ও ধর্মীয় উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।



