JUBO DARPAN EXCELLENT AWARDS 2026-এর জন্য মনোনীত সুজয় তরফদার

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মে : খেলাধুলার জগতে অসামান্য অবদান, দীর্ঘদিনের নিষ্ঠা ও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার স্বীকৃতিস্বরূপ চিরাং জেলার বিজনীর বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব ও প্রাক্তন আসাম রঞ্জি ক্রিকেটার সুজয় তরফদার-কে “JUBO DARPAN EXCELLENT AWARDS 2026”-এর জন্য মনোনীত করা হয়েছে। এই সম্মাননা ঘোষণার পর ক্রীড়ামহলে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সুজয় তরফদার ২০০৪-২০০৫ মরশুমে আসাম রঞ্জি ক্রিকেট দলে একজন দক্ষ ও প্রতিভাবান বোলার হিসেবে সুযোগ লাভ করেন। নিজের পরিশ্রম, শৃঙ্খলা ও অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি দীর্ঘ ১৫ বছর ধরে আসামের হয়ে রঞ্জি ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর ধারাবাহিক সাফল্য ও দায়িত্বশীল পারফরম্যান্স তাঁকে আসামের ক্রিকেট অঙ্গনে এক সুপরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে।

২০১৮ সালে পেশাদার ক্রিকেট জীবন থেকে অবসর গ্রহণের পরও তিনি ক্রিকেটের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকে নতুন প্রজন্মের খেলোয়াড়দের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। অবসরের পর গত পাঁচ বছর তিনি আসাম রঞ্জি ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং তাঁর প্রশিক্ষণে বহু তরুণ ক্রিকেটার নিজেদের দক্ষতা উন্নত করার সুযোগ পান।

বর্তমানে গত দুই বছর ধরে তিনি অরুণাচল প্রদেশ রঞ্জি ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও প্রশিক্ষণ দক্ষতা অরুণাচলের ক্রিকেট উন্নয়নে বিশেষ অবদান রাখছে বলে ক্রীড়ামহলের অভিমত।

কেবল একজন সফল ক্রিকেটার হিসেবেই নয়, একজন নিবেদিতপ্রাণ কোচ ও ক্রীড়া সংগঠক হিসেবেও সুজয় তরফদার আজ বহু তরুণের অনুপ্রেরণা। তাঁর এই সম্মানজনক মনোনয়ন বিজনী তথা সমগ্র অসমের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *