রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ মে : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা শিলচর মেডিকেল রোডের মেহেরপুর অ্যাপোলো ক্লাব সংলগ্ন রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী থেকে শুরু করে যানবাহন চালকেরা। বিশেষ করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী, অ্যাম্বুলেন্স চালক এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিত্যদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পাশাপাশি প্রায়ই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এমন পরিস্থিতিতে সোমবার মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন এলাকার তিন যুবক। তাঁরা নিজেদের ব্যক্তিগত অর্থ ব্যয় করে রাস্তার গর্ত ভরাটের কাজ করেন। স্থানীয় বাসিন্দারা যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

যুবকদের বক্তব্য, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কাছাকাছি মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় ছাত্রছাত্রীদের যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই তারা স্বেচ্ছায় এই উদ্যোগ নিয়েছেন।
পাশাপাশি তাঁরা সরকারের কাছে দ্রুত রাস্তার বাকি অংশের গর্ত স্থায়ীভাবে ও সঠিকভাবে মেরামতের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষকে আর ভোগান্তির শিকার হতে না হয়।



