বরাক তরঙ্গ, ২৪ মে : বরাক উপত্যকার সৃজনশীল ফ্যাশন জগতের পরিচিত মুখ, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও সমাজমুখী প্রশিক্ষক পূর্ণিমা দেবনাথ-কে “JUBO DARPAN EXCELLENT AWARDS 2026”-এর জন্য মনোনীত করা হয়েছে। আগামী ৩১ মে ২০২৬ তারিখে গুয়াহাটির লোহিয়া লায়ন্স গৌহাটি অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হবে।
শিলচরের তারাপুর গোসাইপাড়ার বাসিন্দা পূর্ণিমা দেবনাথ দীর্ঘদিন ধরে ফ্যাশন ডিজাইন, হস্তশিল্প ও নারীদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে চলেছেন। “Purnima Fashion”-এর মাধ্যমে তিনি কেবলমাত্র নান্দনিক ডিজাইনের কাজই করেননি, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন।
২০২৫ সালে NIT-এর বার্ষিক উৎসবে তাঁর হাতে তৈরি ডিজাইনার পোশাক প্রদর্শিত হওয়ার পর থেকেই তিনি নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেন। তাঁর সৃজনশীল কাজ ও সমাজসেবামূলক অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি “Hope for Gem” NGO-এর পক্ষ থেকে “Barak Valley Iconic Award”, “Aalo Trust International Award 2025”-এর “Antarik Nari Shakti Samman”, “Team Incandescence 2025” সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন।
এছাড়াও কৃষি বিজ্ঞান কেন্দ্র (Krishi Vigyan Kendra) ও অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি “Cutting and Tailoring” এবং হস্তনির্মিত পণ্যের ডিজাইন ও উন্নয়ন বিষয়ে একাধিক ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করেছেন। তাঁর এই প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড বহু মহিলাকে আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে সাহায্য করেছে।
২০২২ সালে কাছাড় জেলায় অনুষ্ঠিত প্রদর্শনীতে “Exhibition Stall Category”-তে দ্বিতীয় স্থান অর্জন করেন পূর্ণিমা দেবনাথ। পাশাপাশি “Ninad Gurukul”-এর বিশেষ উপদেষ্টা হিসেবেও তিনি সম্মানিত হন।
পূর্ণিমা দেবনাথ জানান, ভবিষ্যতে তিনি সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে টেইলারিং প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠতে পারে।
ফ্যাশন, সৃজনশীলতা এবং সমাজসেবাকে একসূত্রে গেঁথে যেভাবে পূর্ণিমা দেবনাথ কাজ করে চলেছেন, তা নিঃসন্দেহে বর্তমান সমাজের কাছে এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য তাঁর এই মনোনয়ন বরাক উপত্যকার জন্যও গর্বের বিষয়।



