বরাক তরঙ্গ, ২৪ মে : শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কের দ্রুত সংস্কারের দাবিতে রবিবার শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়ের সঙ্গে সাক্ষাৎ করল আসাম ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (আউটা) এক প্রতিনিধি দল। দেওয়া হল স্মারকলিপিও।
আউটার পক্ষ থেকে বিধায়ককে জানানো হয়, দীর্ঘদিন ধরে শিলচর-আসাম বিশ্ববিদ্যালয় সড়কের বিভিন্ন অংশ অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী সহ স্থানীয় বাসিন্দা এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। তাই দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণের দাবি জানান প্রতিনিধিরা।
বিধায়ক রায় প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে সড়ক মেরামতির কাজ শুরু করার আশ্বাস দেন। এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন আউটার সভাপতি ড. অমিতকুমার দাস, সহ-সভাপতি অধ্যাপক নবেন্দু সেন ও সাধারণ সম্পাদক ড. বিশ্বরঞ্জন রায়।



