বরাক তরঙ্গ, ২৪ মে : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোঁসাইপুর তৃতীয় খণ্ডে মধুরা নদীর ভয়াবহ ভাঙনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বসতভিটা, ভেঙে পড়ছে বহু মানুষের বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন ও জীবনযাপন। কয়েকদিনের টানা ভারী বর্ষণের জেরে মধুরা নদীর ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইতিমধ্যেই এলাকার একাধিক অংশ সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে আরও বহু পরিবার।
স্থানীয় বাসিন্দা নিপেন্দ্র রায়, ভোলা দাস, সনজন রায়, শঙ্কু রায়, ময়নাবলা রায়সহ বহু লোক অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে নদী ভাঙন চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যেই দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীকে।

জানা গেছে, এলাকায় প্রায় ত্রিশটিরও বেশি পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিশেষ করে রাত নামলেই বাড়ছে ভয় ও উদ্বেগ। কখন আবার নদীর পাড় ধসে পড়ে বসতভিটা নদীগর্ভে তলিয়ে যায়, সেই আশঙ্কায় ঘুমহীন রাত কাটছে বহু পরিবারের।
স্থানীয়দের দাবি, অবিলম্বে কার্যকর ও স্থায়ী নদী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে গোঁসাইপুর তৃতীয় খণ্ডের বিস্তীর্ণ এলাকা আগামী দিনে সম্পূর্ণভাবে মধুরা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।



