বরাক তরঙ্গ, ২৪ মে : কাছাড় জেলার অরকাটিপুর কদমপুর হনুমান মন্দিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ ৩৫ বছর ধরে মন্দিরের পূজার্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা ভানু সাধুর (রবিদাস) প্রয়াণে শোকাহত গোটা এলাকা। অশ্রুসজল চোখে তাঁকে শেষ বিদায় জানালেন হাজারো ভক্ত ও শুভানুধ্যায়ী। রবিবার ভোর চারটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭০ বছর।
জানা গেছে, কদমপুর হনুমান মন্দিরের সঙ্গে ভানু সাধুর ছিল এক গভীর আত্মিক সম্পর্ক। জীবনের অধিকাংশ সময় তিনি মন্দিরের সেবা, দেখভাল এবং ধর্মীয় কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমান হাজারেরও বেশি ভক্ত ও এলাকাবাসী। শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। ধর্মীয় রীতি মেনে মন্ত্রোচ্চারণ ও পূজার মধ্য দিয়ে তাঁকে সমাধিস্থ করা হয়।
অন্তিম যাত্রায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও অনুরাগীরা। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর প্রয়াণে শুধু পরিবার নয়, সমগ্র অরকাটিপুর কদমপুর এলাকায় সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতা।
এলাকাবাসীর মতে, মন্দিরের প্রতিটি কোণ আজও স্মরণ করিয়ে দিচ্ছে ভানু সাধুর নিরলস সেবা, নিষ্ঠা ও অগাধ ভক্তির কথা। তাঁদের বিশ্বাস, মানুষের হৃদয়ে এবং মন্দিরের প্রতিটি প্রার্থনায় চিরকাল অমর হয়ে থাকবেন ভানু সাধু।



