কোয়েটায় ভয়াবহ আত্মঘাতী হামলা, পাক সেনার ট্রেনে বিস্ফোরণে নিহত ২৪ জওয়ান, আহত প্রায় ১০০

Spread the news

২৪ মে : ফের বালোচ বিদ্রোহীদের নিশানায় পাকিস্তান সেনা। রবিবার সকালে বালোচিস্তানের কোয়েটায় সেনাবাহিনীর একটি ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ২৪ জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় ১০০ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সূত্রের খবর, রবিবার সকালে কোয়েটা ক্যানটনমেন্ট থেকে পাক সেনাদের নিয়ে একটি ট্রেন রওনা দিয়েছিল। ট্রেনটি চমন ফাটক স্টেশনের কাছে পৌঁছতেই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দ্রুতগতিতে ট্রেনটির সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায় বিস্তীর্ণ এলাকায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। বিস্ফোরণের জেরে নিকটবর্তী বহু বাড়ি ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ঘটনার পরই পুলিশ, দমকল ও উদ্ধারকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখনও পর্যন্ত ২৪ জন জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহী সংগঠন।

উল্লেখ্য, বালোচিস্তানে সাম্প্রতিক সময়ে বারবার হামলার মুখে পড়েছে পাকিস্তানের সেনা ও রেল পরিষেবা। বিশেষ করে জাফার এক্সপ্রেসকে কেন্দ্র করে একাধিক বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। গত বছর মার্চ মাসে জাফার এক্সপ্রেস অপহরণের ঘটনাও আন্তর্জাতিক স্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সেই ঘটনার পর ফের সেনাবাহিনীর ট্রেনে এই বড়সড় হামলা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *