জগন্নাথ রায়চৌধুরীকে স্মরণ বরাকবঙ্গের

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মে : নিজেদের সংগঠনের প্রতিষ্ঠালগ্নের সক্রিয় সদস্য তথা গুরুচরণ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. জগন্নাথ রায়চৌধুরীর প্রয়াণে শোকাহত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি আজ শনিবার এক স্মরণসভার আয়োজন করে। সভাপতি সঞ্জীব দেব লস্কর তাঁর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের উল্লেখ করে নানা ঘটনা তুলে ধরেন। শিক্ষক হিসেবে তাঁকে ক্লাশে পেয়ে তিনি কতটা উপকৃত হয়েছেন তাও সবিস্তারে তুলে ধরেন। দেবলস্কর বলেন, জগন্নাথ রায়চৌধুরী যখন রবীন্দ্রনাথের কবিতা পড়াতেন, মনে হতো, তিনি রবীন্দ্রনাথকে নিয়েই প্রচুর পড়াশোনা করেছেন। আবার নজরুলের কবিতা পড়ানোর সময় মনে হতো তিনি নজরুল গবেষক। সংগঠনের প্রথম অধিবেশনে তিনি এই অঞ্চলে প্রকাশিত বাংলা বইসমূহের পঠনপাঠনে গুরুত্ব দিয়ে মূল্যবান প্রস্তাব দিয়েছিলেন বলে দেবলস্কর জানান।

অধ্যাপক রায়চৌধুরীর বাংলা পড়ানোর অসাধারণ দক্ষতার কথা উল্লেখ করেন তাঁর ছাত্র কেএইচ ব্রজেশ্বর সিংহ, সীমান্ত ভট্টাচার্য, সুরজিৎ সোম ও সঞ্জয় দেবলস্কর। প্রতিবেশী হিসেবে সদ্যপ্রয়াত রায়চৌধুরীকে কেমন দেখেছেন, তা শোনান অভিজিৎ ধর। বক্তব্য রাখেন পরিতোষ দেও।

শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঞ্জয় দেব লস্কর। বাপী রায়ও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গান গেয়ে শোনান। স্বরচিত কবিতা পাঠ করেন শিপ্রা দে, সব্যসাচী পুরকায়স্থ আবৃত্তি করে শোনান সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *