বরাক তরঙ্গ, ২৩ মে : ছিঁড়ে পড়া জীবন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একটি দুগ্ধবতী গাভীর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শুক্রবার বিকেলে দক্ষিণ বিলবাড়ি গ্রামের বাসিন্দা সুবর্ণ সিনহার পরিবারের গাভীটি প্রতিদিনের মতো মাঠে চরতে গিয়েছিল। কিছুক্ষণ পর স্থানীয়রা মাঠের এক কোণে গাভীটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বিদ্যুৎ বিভাগের ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাভীটির।
গাভীটির মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, দুধ বিক্রির টাকাই ছিল সংসারের প্রধান আয়ের উৎস। ফলে এই ঘটনায় পরিবারটি আর্থিকভাবে বড় ধাক্কার মুখে পড়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে বিদ্যুতের তার। একাধিকবার বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অনেক জায়গায় খুঁটি ভাঙা, তারের আবরণ ছেঁড়া এবং গাছের ডালের ওপর দিয়ে তার টেনে রাখা হয়েছে বলে অভিযোগ।



