ঝড়ে গাছ ভেঙে পড়ল চলন্ত গাড়ির উপর, তছনছ ডবকা

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মে : প্রবল ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার তাণ্ডবে শুক্রবার দুপুরে ডবকা শহর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের দাপটে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে।

জানা গেছে, ডবকা শহরের ডিফু রোড এলাকায় আচমকাই একটি বিশাল গাছ চলন্ত একটি গাড়ির উপর ভেঙে পড়ে। ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে সৌভাগ্যবশত গাড়ির মালিক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। যদিও গাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, ডবকার চাংমাজি এলাকাতেও ঝড়ের ব্যাপক প্রভাব পড়ে। প্রবল ঝড় ও ভারী বর্ষণের জেরে কয়েকটি পরিবারের বসতঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়ায় গোটা এলাকা অন্ধকারে ডুবে যায়।
পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মীরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও পুনরুদ্ধারের কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দ্রুত পুনর্বাসন এবং আর্থিক সহায়তার দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *