দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ মে : শিলচরের কিশোরী নৃত্যশিল্পী সমর্পিতা চৌধুরীর বড় সাফল্য। জনপ্রিয় নৃত্য রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মেঘা অডিশনে উত্তীর্ণ হয়ে এবার টেলিভিশন রাউন্ডে পৌঁছে গিয়েছেন তিনি। আগামী ২০ জুন টিভি রাউন্ডে অংশ নিতে কলকাতায় রওনা দেবেন সমর্পিতা।
শিলচরের সোনাই রোডের শরৎপল্লীর বাসিন্দা সমর্পিতা চৌধুরী বর্তমানে মাত্র ১২ বছর বয়সে নৃত্যের জগতে নিজের প্রতিভার পরিচয় দিচ্ছেন। পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই নাচ ও মডেলিংয়ের প্রতি গভীর আগ্রহ ছিল তার। মাত্র তিন বছর বয়স থেকেই নিয়মিত নৃত্যচর্চা শুরু করেন তিনি। ইতিমধ্যেই শিলচরসহ রাজ্যের বিভিন্ন নৃত্য ও মডেলিং প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার অর্জন করেছে সমর্পিতা।
সমর্পিতার মা স্মৃতি চৌধুরী জানান, গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের প্রখ্যাত নৃত্যগুরু শিল্পায়ন রায়ের কাছে অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছিল সমর্পিতা। শিল্পায়ন রায়ই তাকে ‘ডান্স বাংলা ডান্স’-এ অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। তাঁর তত্ত্বাবধানে মেঘা অডিশনে অংশ নিয়ে সফলভাবে টিভি রাউন্ডে জায়গা করে নিয়েছে সমর্পিতা।

নৃত্যগুরু শিল্পায়ন রায় জানান, তিনি শ্রীভূমির সন্তান এবং ২০১২ সালে নৃত্যশিক্ষার জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে নৃত্য পরিবেশনের পাশাপাশি বিচারকের দায়িত্বও পালন করছেন তিনি। সমর্পিতার এই সাফল্যে তিনি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতেও বরাক উপত্যকার প্রতিভাবান নৃত্যশিল্পীদের জাতীয় স্তরের রিয়ালিটি শোতে তুলে ধরতে কাজ চালিয়ে যেতে চান বলে জানান তিনি।
সমর্পিতা বর্তমানে শিলচরের রামানুজ বিদ্যা মন্দিরের সপ্তম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সমানতালে নাচ ও মডেলিং চালিয়ে যাচ্ছে সে। সমর্পিতার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও সোনাই রোড এলাকার বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সকলেই আশা করছেন, আগামী ২০ জুন কলকাতায় অনুষ্ঠিত টেলিভিশন রাউন্ডে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আরও বড় মঞ্চে নিজের জায়গা করে নেবে সমর্পিতা চৌধুরী।



