বরাক তরঙ্গ, ২৩ মে : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে শুক্রবার এক বিশেষ কর্মসূচির আয়োজন করে আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই পরিবেশচর্চা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। বিভাগীয় কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান অধ্যাপক অপরাজিতা দে। সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার দাস এবং প্রাক্তন ডিন তথা প্রবীণ অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী।
অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। প্রাঞ্জল ও তথ্যসমৃদ্ধ বক্তৃতায় তিনি বেদ, মহাবিশ্ব এবং জড় ও জীবজগতের সহাবস্থানের ধারণা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এই বিশ্বে কিছুই বিচ্ছিন্ন বা একক নয়; বিজ্ঞান, সাহিত্য ও দর্শন—সবকিছুই পরস্পর সম্পর্কযুক্ত। তাঁর মতে, জীববৈচিত্র্য শুধু একটি বৈজ্ঞানিক বাস্তবতা নয়, এটি একটি গভীর দার্শনিক ধারণাও, যেখানে বৈচিত্র্য, বহুত্ব ও সহাবস্থানই মূল ভিত্তি। অধ্যাপক ভট্টাচার্য ঋগ্বেদের পৃথিবী, সৃষ্টি ও অস্তিত্বের রহস্য সম্পর্কিত ধারণার উল্লেখ করে বলেন, প্রাচীন ভারতীয় জ্ঞানচর্চাতেও জীবনের নানা রূপের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা নিহিত রয়েছে। তিনি বলেন, নদী, বনভূমি, প্রাণী বা অন্যান্য প্রজাতিকে ধ্বংস করে মানবসভ্যতা কখনও টিকে থাকতে পারে না।

অনুষ্ঠানে পোস্টার উপস্থাপনা, আলোচনা ও বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশনেরও আয়োজন করা হয়। প্রায় ১২০ জন শিক্ষার্থী ও শিক্ষক এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপন সম্পর্কে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা আলোচনায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং টেকসই পরিবেশচর্চা বিষয়ে গভীর আগ্রহ প্রদর্শন করেন। এদিনের এই কর্মসূচির আহ্বায়ক ছিলেন ড. শোভন দত্তগুপ্ত ও ড. পান্না দেব। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক অবন্তিকা প্রধান।



