গুয়াহাটিতে শ্যামা প্রসাদ মুখার্জি উড়ালপুল উদ্বোধন মুখ্যমন্ত্রীর, যানজট কমার আশা

Spread the news

বরাক তরঙ্গ, ২২ মে : অসমের পরিবহণ পরিকাঠামোয় আরও এক নতুন সংযোজন হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার সন্ধ্যায় সাধারণ মানুষের জন্য উদ্বোধন করলেন মহানগরীর সাইকেল ফ্যাক্টরি থেকে লালগণেশ সংযোগকারী ড. শ্যামা প্রসাদ মুখার্জি উড়ালপুল। ৩৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২.৮ কিলোমিটার দীর্ঘ এবং ১২ মিটার প্রশস্ত এই উড়ালপুল চালু হওয়ার ফলে যানজট হ্রাস, যাতায়াতের সময় সাশ্রয়, বায়ু ও শব্দ দূষণ কমানো এবং জ্বালানির ব্যবহার হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

উড়ালপুলটির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকারের দ্বিতীয় কার্যকালে উদ্বোধন হওয়া এটি প্রথম উড়ালপুল। নির্ধারিত ৩০ মাসের পরিবর্তে মাত্র ২৬ মাসের মধ্যেই নির্মাণকাজ সম্পূর্ণ করা হয়েছে। আগামী দিনে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত ৩২০ মিটারের একটি নতুন লেন নির্মাণ করা হবে, যাতে উড়ালপুলের উপর দিয়েই স্টেডিয়ামে পৌঁছানো যায়। পাশাপাশি সাইকেল ফ্যাক্টরির দিকেও আরও একটি লেন নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, গুয়াহাটিতে একাধিক উড়ালপুল নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এই উড়ালপুল উদ্বোধনের মাধ্যমে লোকনির্মাণ বিভাগের বড় একটি প্রকল্পের সমাপ্তি ঘটল। উড়ালপুল চালুর পর নিচের রাস্তার সংস্কার কাজ শুরু হবে, যার জন্য প্রায় ৪৫ দিন সময় লাগবে। এছাড়া শুক্রবার ও শনিবার উড়ালপুলটি সাধারণ মানুষের হাঁটার জন্য খোলা থাকবে এবং ২৪ মে সকাল থেকে যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “ড. শ্যামা প্রসাদ মুখার্জি সেতু নগরবাসীর যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচন করবে। নির্ধারিত সময়ের চার মাস আগেই সম্পন্ন হওয়া এই প্রকল্প উন্নয়নের আরেকটি দৃষ্টান্ত। প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ থেকে ২৭ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত যাতায়াত এখন আরও সহজ ও দ্রুত হবে, যার ফলে উপকৃত হবেন হাজার হাজার মানুষ।”

অনুষ্ঠানে সাংসদ বিজুলি কলিতা মেধি, বিধায়ক দিপ্লুরঞ্জন শর্মা, প্রদ্যুৎ বরদলৈ, ডঃ তপন দাস, বিজয় কুমার গুপ্তা এবং মেয়র মৃগেন শরণীয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *