বকরি ঈদকে সামনে রেখে অসম ক্যাটল প্রিজারভেশন আইন কঠোর প্রয়োগের দাবি বজরং দলের

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মে : আসন্ন বকরি ঈদকে সামনে রেখে অসম ক্যাটল প্রিজারভেশন আইন কঠোরভাবে কার্যকর করার দাবিতে কাছাড় পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করেছে বজরং দল। শুক্রবার সংগঠনের এক প্রতিনিধি দল কাছাড় জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি উত্থাপন করে।

স্মারকলিপিতে বজরং দলের পক্ষ থেকে বলা হয়, অসম ক্যাটল প্রিজারভেশন আইন অনুযায়ী কোনও মন্দির বা ধর্মীয় স্থানের পাঁচ কিলোমিটারের মধ্যে গরু জবাই, গরুর মাংস বিক্রি কিংবা সংরক্ষণ করা আইনত নিষিদ্ধ। বকরা ঈদের সময় এই আইন যাতে কঠোরভাবে মানা হয়, সে বিষয়ে প্রশাসনকে বিশেষ নজরদারির আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের নেতারা জানান, ধর্মীয় উৎসবের সময় সম্প্রীতি ও শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইন ভঙ্গের কোনও অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি অবৈধভাবে গবাদি পশু পরিবহণ, পাচার ও জবাই রুখতেও বিশেষ অভিযান চালানোর দাবি জানানো হয়। বজরং দলের প্রতিনিধিরা আরও বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন, বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় থাকা জরুরি। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ প্রশাসনকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *