শ্রীভূমির বেহাল জাতীয় সড়ক সংস্কারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, কৃতজ্ঞতা জানালেন কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ২২ মে : শ্রীভূমি জেলার দীর্ঘদিনের সড়ক সমস্যার সমাধানে উদ্যোগী হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি শহরের অত্যন্ত বেহাল অবস্থায় থাকা এনএইচ-৩৭ ও এনএইচ-৮ সংস্কারের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। পাথারকান্দির তিন বারের বিধায়ক তথা অসম সরকারের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রীর এই ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, সম্প্রতি তাঁর পক্ষ থেকে শ্রীভূমি শহরের মূলপথ সহ দীর্ঘদিন ধরে অবহেলিত ও ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কগুলির করুণ অবস্থার বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি বিস্তারিত পত্র পাঠানো হয়েছিল।
বিধায়কের দাবি, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতীন গড়কারির কাছে এনএইচ-৩৭ ও এনএইচ-৮-এর পূর্ণাঙ্গ সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন। এই উদ্যোগকে জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ রাস্তার কারণে শ্রীভূমির মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী, রোগী, ছাত্রছাত্রী ও যাত্রীদের এই সড়ক ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর এই দ্রুত ও মানবিক হস্তক্ষেপ জেলার মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে যাত্রী পরিবহণ যেমন সহজ ও নিরাপদ হবে, তেমনি ব্যবসা-বাণিজ্য ও জরুরি পরিষেবার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত তাঁর।

মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিধায়ক বলেন, তাঁর দেওয়া পত্রের প্রতি দ্রুত সাড়া দিয়ে শ্রীভূমির মানুষের দীর্ঘদিনের দাবিকে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী সবসময় বরাক উপত্যকার মানুষের সমস্যা ও উন্নয়নের বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন, যা আবারও প্রমাণিত হয়েছে। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপ শ্রীভূমি শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত সড়ক সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মানুষ মুক্তি পেতে পারেন।

এদিকে, সাধারণ মানুষের মধ্যেও এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকের মতে, দ্রুত সংস্কার কাজ শুরু হলে শ্রীভূমি জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও নতুন গতি আসবে। সব মিলিয়ে, এনএইচ-৩৭ ও এনএইচ-৮ সংস্কারের উদ্যোগ শ্রীভূমি তথা সমগ্র বরাক উপত্যকার মানুষের কাছে নতুন আশার আলো হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *