বরাক তরঙ্গ, ২২ মে : মিজোরামের চাম্পাই জেলায় আবগারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ এবং ১৪তম আসাম রাইফেলসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ১টা ৩০ মিনিটে চাম্পাই জেলার জোটে বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে ৬২০ গ্রাম ৪১০ মিলিগ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় জয়দানামুল বড়ভূইয়া (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি অসমের কাছাড় জেলার লোকনাথপুর এলাকার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া হেরোইন মায়ান্মার থেকে এনে অসমে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। মাদক পরিবহনে ব্যবহৃত AS01MC-7551 নম্বরের একটি টাটা ট্রাকও বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবিত পদার্থ আইন, ১৯৮৫ (এনডিপিএস অ্যাক্ট)-এর ২১(সি) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে চাম্পাই জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়।



