কনকপুরে একমাত্র সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি যুব কংগ্রেসের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মে : শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ড এলাকার একমাত্র প্রধান যোগাযোগ সেতুর নির্মাণকাজ দু’বছরেই শেষ না হওয়ায় ক্ষোভ ব্যক্ত করল কংগ্রেস। সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র জমা দেন শিলচর টাউন ব্লক যুব কংগ্রেসের সভাপতি প্রিয়ম দাস।

স্মারকপত্র প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়ম দাস জানান, বর্ষাকাল ঘনিয়ে আসায় প্রবল বৃষ্টি ও সম্ভাব্য বন্যার কারণে সেতুর নির্মাণকাজ আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ছাত্রছাত্রী, নিত্যযাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বর্ষাকালে আরও ভয়াবহ হবে বলে তিনি আশঙ্কা করেন।

তিনি এও বলেন, বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় যাতায়াত ও পণ্য পরিবহণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে এলাকার ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জনজীবনে। এমন পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পাবলিক ওয়ার্কস (রোডস) দফতের শিলচর ও উদারবন্দ বিভাগীয় অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে।

প্রিয়ম দাস বলেন, “এটি শুধু যোগাযোগের সমস্যা নয়। সেতুর কাজ সম্পূর্ণ না হলে এলাকার অর্থনীতি ও সামাজিক জীবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্ষা শুরু হওয়ার আগেই কাজ শেষ না হলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *