২২ মে : পাঠানকোটে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। জাতীয় সড়কে নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ভারতীয় সেনা ও প্যারামিলিটারির গতিবিধির ফুটেজ পাকিস্তানে পাঠানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্জাব জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বলজিৎ সিং ওরফে বিট্টু। তিনি পাঠানকোটের চক দারিওয়াল গ্রামের বাসিন্দা। অভিযোগ, ৪৪ নম্বর জাতীয় সড়কের পাঠানকোট-জম্মু রুটে ইন্টারনেট-ভিত্তিক সিসিটিভি ক্যামেরা বসিয়ে সেনা চলাচলের উপর নজরদারি চালাতেন তিনি। পরে সেই ফুটেজ বৈদ্যুতিন মাধ্যমে পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে পাঠানো হত।
জিজ্ঞাসাবাদে বলজিৎ স্বীকার করেছে, চলতি বছরের জানুয়ারি মাসে সুজানপুর এলাকায় হাইওয়ের ধারে একটি দোকানে ক্যামেরা বসানোর জন্য তাকে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছিল। তদন্তকারীদের দাবি, দুবাই থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে নির্দেশ দিত।
পুলিশ ধৃতের কাছ থেকে সিসিটিভি ক্যামেরা, ইন্টারনেট ওয়াই-ফাই রাউটার-সহ একাধিক ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করেছে। শুধু বলজিৎ নয়, আরও কয়েকজন সন্দেহভাজনের বিরুদ্ধেও দেশবিরোধী কার্যকলাপ ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গোটা গুপ্তচরচক্রের নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, গত মাসেও পঞ্জাবে পাকিস্তান-যোগ থাকা দুটি গুপ্তচর মডিউলের সন্ধান পেয়েছিল পুলিশ। তদন্তে উঠে আসে, চিনা প্রযুক্তির সোলারচালিত হাই-টেক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেনাবাহিনীর গতিবিধির লাইভ ফিড পাকিস্তানে পাঠানো হচ্ছিল। সেই ঘটনায় জলন্ধর ও কাপুরথালা থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।



